• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

মতলব দক্ষিণে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত 


FavIcon
সমির ভট্টাচার্য্য
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:১৮ পিএম
মতলব দক্ষিণে মাদক বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত 

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ৈগাঁও-চাপাতলী যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী হোন্ডা কাপ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় নারায়ণপুর উইন সূর্যদয় স্পোর্টিং ক্লাব এবং ঢাকা ভাই বন্ধু ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬০ মিনিটের খেলায় ১-০ গোলে নারায়ণপুর উইন সূর্যদয় স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে ফেরাতে হলে ফুটবলের মতো খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায়। মাদকাসক্তি এক ভয়ঙ্কর শব্দ, যা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই আমাদের যুবসমাজকে মাদকের গ্রাস থেকে খেলাধুলার মাধ্যমে ভালো পথে ফেরাতে হবে।

এসময় তিনি আরও বলেন, আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, মতলব দক্ষিণ উপজেলায় যদি কেউ মাদক ব্যবসার সাথে জরিত থাকেন আজকের পর থেকে এই ব্যবসা ছেড়ে দেন। এই ব্যবসার সাথে যেই জড়িত থাকুক, কাউকে ছাড় দেয়া হবে না। তাদেরকে অবশ্যই আইনের হাতে তুলে দেয়া হবে।

খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী,  উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান শাহীন ভূঁইয়া, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান সোহান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী শাহাদাত প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


Side banner
Link copied!