• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:১৪ পিএম
বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের অবস্থা বিবেচনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

স্থানীয় সূত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উচ্ছ্বাস একাই ওই কক্ষে বসবাস করতেন। কয়েক দিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় এবং মঙ্গলবার রাতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে বন্দর থানা পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনাস্থলে যান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহও উদ্ধার করা হয়েছিল।


Side banner
Link copied!