• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

সম্পদ গোপনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:৩৩ পিএম
সম্পদ গোপনের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া সম্পদ বিবরণীতে জাফর আহমদ প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের ৫ মে মামলাটিতে অভিযোগ গঠন করা হয়। এরপর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর বিধান অনুযায়ী আদালত এ সাজা ও অর্থদণ্ড প্রদান করেছেন।


Side banner
Link copied!