বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাম্প্রতিক ছবি ও ভিডিও প্রকাশের পর তার শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ কটাক্ষ করলেও অনেকে এর প্রতিবাদ করে অভিনেত্রীর সমর্থনে কথা বলেছেন।
সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে উপস্থিত হন ক্যাটরিনা। সাদা পোশাকে তার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তার চেহারা নিয়ে নানা মন্তব্য শুরু হয়।
গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর পরিবারকে সময় দিতে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন এবং আগের তুলনায় তাকে জনসমক্ষে কম দেখা যাচ্ছে।
এ সময় তার শারীরিক পরিবর্তন নিয়ে কেউ কেউ নেতিবাচক মন্তব্য করলেও অনেকেই বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন। তাদের মতে, সন্তান জন্মের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক এবং এ নিয়ে কাউকে কটাক্ষ করা উচিত নয়।
অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে অভিনেত্রী শিবালিকা ওবেরয় সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, মাতৃত্বের পর শরীরে পরিবর্তন স্বাভাবিক এবং সন্তান জন্মের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াতেও সময় লাগে।
শিবালিকার মন্তব্যের পর অনেকেই তার প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে মাতৃত্বের পর নারীদের শারীরিক পরিবর্তন নিয়ে বিদ্রূপ না করার আহ্বান জানিয়েছেন তারা।
মাতৃত্বের কারণে কিছুটা বিরতিতে থাকলেও ক্যাটরিনা নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তিনি কয়েকটি সিনেমার চিত্রনাট্য পড়ছেন বলে খবর রয়েছে।
আপনার মতামত লিখুন :