বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কায় সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। এর মধ্যেই বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।
এর আগের দিন মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমেছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হওয়ায় তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে জ্বালানি বাজারে চাপ কিছুটা কমতে পারে। বাজারের এই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনটিতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ। দেশটির জ্বালানি অবকাঠামো ঘিরে সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহের ওপর প্রভাব পড়তে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠেছে।
অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে জ্বালানির প্রাপ্যতা নিয়ে কিছুটা স্বস্তি তৈরি করতে পারে। ফলে সরবরাহে বিঘ্নের আশঙ্কা ও অতিরিক্ত জ্বালানি আসার সম্ভাবনা—দুইয়ের প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :