• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১৩৩ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৩:১৯ পিএম
গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১৩৩ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

অ্যাপ নির্মাতাদের কাছ থেকে অতিরিক্ত কমিশন আদায় এবং বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহারের অভিযোগে গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১ বিলিয়ন পাউন্ডের বেশি, প্রায় ১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা হয়েছে।

মঙ্গলবার লন্ডনের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শুরু হয়। ভোক্তা অধিকারকর্মী লিজ কলের নেতৃত্বে করা এ মামলায় প্রায় দুই কোটি ভোক্তার পক্ষে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

মামলার আওতায় রয়েছেন ২০১৫ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে অ্যাপ কেনা, অ্যাপের ভেতরে বিভিন্ন পণ্য বা সেবা কেনা এবং সাবস্ক্রিপশনের জন্য অর্থ পরিশোধ করা গ্রাহকেরা।

মামলার আইনজীবীদের অভিযোগ, গুগল তার বাজারে শক্তিশালী অবস্থান ব্যবহার করে প্লে স্টোরে অ্যাপ কেনা, ইন-অ্যাপ কেনাকাটা ও সাবস্ক্রিপশনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করেছে। তাদের দাবি, এই কমিশনের আর্থিক চাপ শেষ পর্যন্ত অ্যাপ নির্মাতারা ভোক্তাদের ওপরই চাপিয়ে দিয়েছেন।

এ বিষয়ে মামলায় ইউটিউব প্রিমিয়ামের উদাহরণও তুলে ধরা হয়েছে। আইনজীবীদের দাবি, অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে ইউটিউব প্রিমিয়াম বিক্রির ক্ষেত্রে অ্যাপলকে দেওয়া কমিশনের ব্যয়ও গ্রাহকদের ওপর চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মামলাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুযোগকে উপেক্ষা করছে। গুগলের দাবি, তাদের নেওয়া কমিশন বাজারে প্রচলিত হারগুলোর তুলনায় কম।

আদালতে গুগলের আইনজীবীরাও মামলাটির ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, অ্যাপ নির্মাতা ও ভোক্তা—উভয় পক্ষের জন্যই গুগল প্লে স্টোরকে অ্যাপলের অ্যাপ স্টোরসহ অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।

যুক্তরাজ্যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অ্যাপ স্টোর কমিশন নিয়ে আইনি বিরোধের মধ্যে নতুন এই মামলাটি শুরু হলো। একই ধরনের কমিশন আদায়ের অভিযোগে অ্যাপল ও সনির বিরুদ্ধেও দেশটিতে মামলা হয়েছে।

এদিকে গুগলের প্লে স্টোরের কার্যক্রম নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার তদন্ত ও আইনি বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। ‘ফোর্টনাইট’ নির্মাতা এপিক গেমসের সঙ্গেও গুগলের এ বিষয়ে দীর্ঘ আইনি লড়াই ছিল। তবে চলতি বছরের মার্চে দুই প্রতিষ্ঠান বিশ্বব্যাপী একটি সমঝোতায় পৌঁছায়। এতে বিল পরিশোধের বিকল্প পদ্ধতি বাড়ানো এবং অ্যাপ নির্মাতাদের কাছ থেকে নেওয়া ফি কমানোর বিষয়ে গুগল সম্মত হয়।

এর আগে গত মাসে অ্যাপ নির্মাতাদের পক্ষে করা আরেকটি মামলা ২৬ কোটি পাউন্ডে নিষ্পত্তি করে গুগল। তবে ওই সমঝোতায় প্রতিষ্ঠানটি কোনো দায় বা অনিয়ম স্বীকার করেনি।


Side banner
Link copied!