• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:৪১ পিএম
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ

নিজেদের প্রযুক্তি ও তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের তরুণদের মেধা ও গবেষণার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বিশ্বপরিসরে নতুন উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ পরিবেশ ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের তরুণরা মহাকাশ গবেষণাসহ জটিল প্রযুক্তিগত ক্ষেত্রেও সাফল্য অর্জন করতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে এগিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আত্মবিশ্বাস ও সাহস নিয়ে কাজ করতে হবে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার।


Side banner
Link copied!