• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:৫৫ পিএম
মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসার আসবাবপত্র ও বিভিন্ন ক্রেস্ট ভাঙচুরের পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয় একদল ব্যক্তি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাতের দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় প্রবেশ করে। প্রথমে ভবনের নিচতলায় অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করা হয়। এরপর হামলাকারীরা বাসার ভেতরে ঢুকে আসবাবপত্র ও বিভিন্ন ক্রেস্ট ভাঙচুর করে। একপর্যায়ে ভাঙচুর করা মালামালে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই তাণ্ডব।

এ সময় উপস্থিত ব্যক্তিরা যুবলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’। পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় বসবাস করতেন। ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

এদিকে, ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও জমা পড়েনি বলে জানান তিনি।


Side banner
Link copied!