মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর দণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত পলাতক আসামি হিসেবে তাঁর নামে নতুন করে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ সময় তিনি বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর বিভিন্ন বিধানের ব্যাখ্যা তুলে ধরেন।
আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর আর্টিকেল ৬ অনুযায়ী, কোনো ব্যক্তি দণ্ডিত হলে এবং পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে তাঁর কমপক্ষে দুই বছরের সাজা হলে তাঁকে পাসপোর্ট ইস্যু করা যাবে না।
পাসপোর্ট অর্ডারের আর্টিকেল ৭-এর বিধান উল্লেখ করে তিনি বলেন, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁর পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, পাসপোর্ট অর্ডারের ৬(এ), ৬(বি), ৬(সি) ও ৬(ই) ধারার বিধান বিবেচনায় দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পাসপোর্ট কর্তৃপক্ষের সুযোগ সীমিত।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে রায় কার্যকরের সুনির্দিষ্ট সময় ও প্রক্রিয়া সংশ্লিষ্ট আইন, আদালতের আদেশ এবং আইনগত আনুষ্ঠানিকতার ওপর নির্ভর করবে।
আপনার মতামত লিখুন :