জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ফলে যেকোনো দিন রায় ঘোষণা হতে পারে।
বুধবার (৭ অক্টোবর) প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য রাখার আদেশ দেন।
মামলায় হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় চারজনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষ থেকে হানিফের বিরুদ্ধে আন্দোলন দমনে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগ তুলে ধরা হয়। প্রসিকিউশনের দাবি, তিনি একজন বেসামরিক রাজনৈতিক নেতা হিসেবে অধীনস্তদের নির্দেশনা দেওয়ার পাশাপাশি টেলিফোনে যোগাযোগের মাধ্যমে আন্দোলন দমনের কার্যক্রমে যুক্ত ছিলেন।
প্রসিকিউশন এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনালে তাদের বক্তব্য উপস্থাপন করে। দীর্ঘ শুনানি শেষে বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের পর্যায়ে রয়েছে।
ট্রাইব্যুনালের আদেশের পর মামলাটির রায় ঘোষণার জন্য আর কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। ফলে পরবর্তী যেকোনো কার্যদিবসে রায় ঘোষণা হতে পারে।
আপনার মতামত লিখুন :