• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০১:০৮ পিএম
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, জরিমানা ৫০ কোটি টাকা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জাবেদকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে পৃথক দুই অভিযোগে মোট ১৫ বছরের কারাদণ্ড এবং ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় ১৭ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, অর্থ পাচারের অভিযোগে জাবেদকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী জানান, এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

রায় ঘোষণার সময় আদালতে চারজন আসামি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তার স্ত্রী এবং ভাইবোনসহ মোট ৩১ জনকে আসামি করা হয়।

২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।


Side banner
Link copied!