আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশকে জাহান্নামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল স্বাধীনতার চেতনা ধারণ করে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাঁর দাবি, ওই সময় গণতন্ত্র সংকুচিত হয়েছিল, মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল এবং দুর্ভিক্ষের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকার ঘটনাও তিনি স্মরণ করেন।
বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটের সময়ে বিএনপি জনগণের পাশে ছিল। এ কারণে দেশের মানুষও দলটির প্রতি আস্থা রেখেছে। তাঁর মতে, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপিই কার্যকর ভূমিকা রাখতে পারে।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, একসময় বিএনপিও ‘গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই’—এমন স্লোগান দিয়েছে। তবে দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এসব সংকট কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। তাঁর অভিযোগ, দেশকে অস্থিতিশীল করার কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদী শাসন ফিরে আসার ক্ষেত্র তৈরি করা হচ্ছে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়ি পোড়ানো কিংবা ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক সমাধান আসবে না। দেশের মানুষ আন্ডারগ্রাউন্ড রাজনীতি কিংবা সন্ত্রাসকে সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটেছে দাবি করে আব্দুস সালাম বলেন, এত কিছুর পরও বিএনপি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি; বরং জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। তাঁর ভাষ্য, শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের আগের ১৭ বছরের নীতির সমালোচনা করে আব্দুস সালাম দাবি করেন, ওই সময়ে নতুন গ্যাসকূপ খনন এবং সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমান সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ধৈর্য ধরলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের প্রসার এবং ঘরে ঘরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন :