• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

আমরা প্রত্যেকেই সরকারের অংশ: মহিলা দলকে রিজভী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৬, ০১:০৪ পিএম
আমরা প্রত্যেকেই সরকারের অংশ: মহিলা দলকে রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, “আমরা প্রত্যেকেই সরকারের অংশ।” শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়ার শর্ত নয়—দলের নেতাকর্মীদেরও সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে হবে এবং তা জনগণের কাছে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত র‌্যালির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

 

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, “আজ বিএনপি ক্ষমতায়, আমাদের আর পাওয়ার কী আছে—এমন ভাবার সুযোগ নেই। আমরা প্রত্যেকেই সরকারের অংশ।”

তিনি বলেন, বর্তমানে মানুষ নির্বিঘ্নে কথা বলা ও চলাফেরার সুযোগ পাচ্ছে। তবে সরকারের অংশ হওয়া শুধু মন্ত্রী বা এমপি হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। দলের নেতাকর্মীদের সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে ধারণা নিয়ে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

 

মহিলা দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, সংগঠনের অনেক নেতাকর্মী অতীতে গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগের শিকার হয়েছেন। তাদের ত্যাগ সংগঠনের বর্তমান অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নারীর সক্ষমতা নিয়ে তিনি বলেন, রাষ্ট্র বা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় নারীরাও সমানভাবে দক্ষ। তাই সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নারীদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করা প্রয়োজন।

 

রিজভী বলেন, নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও আর্থিক স্বনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে।”

ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিতে পরিবারের নারীদের গুরুত্ব দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে দলীয় নেতাকর্মীদের বিস্তারিত জানার আহ্বান জানান রিজভী।

তার মতে, নেতাকর্মীদের এসব উদ্যোগ শুধু জানলেই হবে না; সেগুলোর উদ্দেশ্য ও উপকারিতা সাধারণ মানুষের কাছেও তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগগুলো সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Side banner
Link copied!