• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১১:৫০ এএম
আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

ঢাকা রেঞ্জের জেলাগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে আগামী দুই মাসের জন্য এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে সংযুক্ত আট কর্মকর্তা হলেন— ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান (টিআর পদ) ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের (সাইবার পুলিশ ইউনিটে সংযুক্ত) সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত হওয়া অপর চার কর্মকর্তা হলেন— পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল। ঢাকা রেঞ্জের আওতাধীন এলাকাগুলোতে মাঠপর্যায়ের তদারকি বাড়াতেই পুলিশ সদরদপ্তর থেকে এই অস্থায়ী সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Side banner
Link copied!