নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীসহ ৭৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের পর পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।
এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে ভবনজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ঘন ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন অনেকে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মফিদুল ইসলাম জানান, হঠাৎ শব্দ শুনে লাইব্রেরিতে গিয়ে আগুন দেখতে পান তিনি। পরে শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পাওয়ার পর কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট পাঁচটি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের সূত্রপাত কোথা থেকে এবং কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
আপনার মতামত লিখুন :