চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রায় নয় মাসে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ৯৬ হাজার ১৫০ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৫৩৩ জনই দক্ষ ও আধা-দক্ষ কর্মী। গত ১৫ নভেম্বর জাতীয় সংসদে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান।
সংসদে মন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে এবং পূর্বে যেতে না পারা কর্মীদের মধ্য থেকে ইতিমধ্যে ১ হাজার ৫৪৫ জনকে দেশটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু হয়েছে। বর্তমানে সৌদি আরব, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, ইতালি, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, ফিজি ও মরিশাসসহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা কাজ নিয়ে যাচ্ছেন এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানেও কাজ চলছে।
নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির বিষয়ে মন্ত্রী জানান, কাতার সরকার বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডার নিতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি জাপানের সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মী নিয়োগ চুক্তির আওতায় আইএম জাপানের মাধ্যমে বিনা খরচে কারিগরি প্রশিক্ষণার্থী পাঠানো হচ্ছে। বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১ লাখ চালককে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প এবং জাপানি, কোরীয়, ইংরেজি, চীনা, আরবি, ইতালীয় ও জার্মান ভাষা শিক্ষার কর্মসূচিও চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :