• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কতা মার্কিন দূতাবাসের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০১:২১ পিএম
ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কতা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রের ভিসার সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দিতে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, সাক্ষাৎকারের সময় অসত্য তথ্য বা জাল নথি উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের অভিবাসন-সংক্রান্ত তথ্য ও আইন লঙ্ঘনের বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে পারেন। তাই আবেদনকারীদের নিজেদের অতীতের তথ্য গোপন না করে সঠিক ও সম্পূর্ণ তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, সাক্ষাৎকারে কোনো তথ্য লুকানো, ভুল তথ্য দেওয়া কিংবা কর্মকর্তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়। আবেদনকারীর দেওয়া তথ্যের সঙ্গে পূর্ববর্তী অভিবাসন রেকর্ডের অসঙ্গতি থাকলে সেটি ভিসা প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে জাল নথি বা মিথ্যা তথ্য ব্যবহার করলে আবেদন বাতিল হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে।

দূতাবাস আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর সততার সঙ্গে দেওয়ার এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে উপস্থাপনের আহ্বান জানিয়েছে। ভিসা প্রক্রিয়ায় কোনো তথ্য নিয়ে সন্দেহ বা বিভ্রান্তি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক তথ্য জেনে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।


Side banner
Link copied!