দেশে নতুন করে শনাক্ত হওয়া এইচআইভি রোগীদের মধ্যে শিক্ষার্থীর হার গত পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২১ সালে মোট নতুন শনাক্তের ৭ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী থাকলেও ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৭ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২০২৫ সালে দেশে নতুন করে ১ হাজার ৮৯১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩২১ জনই শিক্ষার্থী। এর আগে ২০২৪ সালে শনাক্ত হওয়া ১ হাজার ৪৩৮ জনের মধ্যে ২২৩ জন (১৫ দশমিক ৫০ শতাংশ), ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত বছর শনাক্তদের ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২১ দশমিক ৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং ৪ দশমিক ৮৭ শতাংশ ১৫ থেকে ১৯ বছর বয়সী।
বিভাগটির প্রাক্কলন বলছে, ১৯৮৯ সালে দেশে প্রথম রোগী শনাক্তের পর ২০২৫ সাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩ জনে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের, যার মধ্যে গত বছরেই মারা গেছেন ২১৯ জন। দেশে আনুমানিক ১৭ হাজার ৪৮০ জন এইচআইভি নিয়ে বসবাস করলেও শনাক্তকৃতদের মধ্যে বর্তমানে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) গ্রহণ করছেন।
জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান জানান, স্ক্রিনিং বা পরীক্ষার আওতা বাড়ানোর কারণে শনাক্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণের হার কমেছে। অন্যদিকে, আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন মনে করেন, বৈদেশিক তহবিল কমে যাওয়ায় সচেতনতামূলক কার্যক্রমে ভাটা পড়েছে, তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাধ্যমে নিজস্ব অর্থায়নে প্রচারণা বাড়ানো জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতার অভাব, অনিরাপদ সম্পর্ক, সামাজিক বৈষম্য এবং দেশের মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা সীমাবদ্ধ থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
আপনার মতামত লিখুন :