• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১২:১৮ পিএম
ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখনই সিদ্ধান্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহারের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অনুমোদন পাওয়া গেলে এ বিষয়ে সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে পারে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে সরকার আপাতত কোনো উদ্যোগ নিচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন পাওয়া গেলে বিষয়টি নিয়ে সরকার চিন্তা করবে।

চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী, দেশের জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তকরণ কিট, তরল স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। বর্তমানে এসব চিকিৎসা উপকরণের কোনো সংকট নেই বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ডেঙ্গু রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান।


Side banner
Link copied!