হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৫:১৯ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ জন। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া কোনো শিশুর মৃত্যু হয়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৯৮৬ শিশু।একই সময়ে ৮৯০ শিশু চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সমসংখ্যক রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু।
সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মৃত্যুর সংখ্যা ৯৪৩ জনে দাঁড়িয়েছে।
১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ বা সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। তাদের মধ্যে ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এই সময়ের মধ্যে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বা ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
একদিকে নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক শিশু হাসপাতালে আসায় স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :