• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

৬১ জেলায় সাড়ে ৮ কোটির বেশি ভূমির রেকর্ড ডিজিটাল হচ্ছে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:৫২ পিএম
৬১ জেলায় সাড়ে ৮ কোটির বেশি ভূমির রেকর্ড ডিজিটাল হচ্ছে

দেশের ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নির্ভুল ডিজিটাল রেকর্ড অপরিহার্য, যা জালিয়াতি ও ভূমি বিরোধ কমিয়ে সাধারণ মানুষের ভোগান্তি দূর করবে। ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শতভাগ নির্ভুল রেকর্ড তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, রেকর্ডে ত্রুটি থাকলে সেবাও ত্রুটিপূর্ণ হয়। এ সময় ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী টেকসই ভূমিসেবা ও রাজস্ব আদায়ে স্বচ্ছতা বৃদ্ধির কথা তুলে ধরেন এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস উন্নত ভূমি প্রশাসন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগে সহায়ক পরিবেশ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, ২০২৫ সালে প্রাক্‌-পাইলট উদ্যোগের মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমে ইতিমধ্যে ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে। নতুন চুক্তির আওতায় দেশব্যাপী ৬১টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান রেকর্ডের অসংগতি শনাক্ত ও সংশোধন করা হবে। একাধিক স্তরে যাচাই-বাছাই ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তবায়িত এই উদ্যোগের ফলে অনলাইনে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও তথ্য প্রাপ্তি সহজ হবে এবং বিশেষ করে নারী, প্রবাসী ও প্রতিবন্ধী ব্যক্তিরা ঘরে বসেই নিরাপদ ভূমিসেবা পাবেন।


Side banner
Link copied!