• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

মোবাইল গ্রাহকদের জন্য সুখবর, নেটওয়ার্কে আসছে বড় উন্নতি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৫৯ পিএম
মোবাইল গ্রাহকদের জন্য সুখবর, নেটওয়ার্কে আসছে বড় উন্নতি

মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে টেলিযোগাযোগ খাত। ঘরের ভেতরে দুর্বল নেটওয়ার্ক, কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা।

‘ই-জিএসএম’ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিশেষ করে বাসাবাড়ি ও অফিসের ভেতরে মোবাইল সংযোগ এবং ইন্টারনেট সেবার মান উন্নত হবে।

বর্তমানে দেশে প্রায় সাড়ে ১৮ কোটি মোবাইল গ্রাহক রয়েছে। এর বড় অংশ শহরের বাইরে বসবাস করায় প্রান্তিক এলাকায় নেটওয়ার্ক দুর্বলতা দীর্ঘদিনের সমস্যা হয়ে আছে। নতুন তরঙ্গ ব্যবহারের ফলে সেই সংকট অনেকটাই কমে আসতে পারে।

জানা গেছে, গ্রামীণফোনের পর এবার রবি ও বাংলালিংকও ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ ব্যবহারের আবেদন করেছে। পরীক্ষামূলকভাবে এক মাসের জন্য তরঙ্গ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে, যার ফলাফল পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

টেলিকম অপারেটরগুলোর দাবি, নতুন ব্যান্ড ব্যবহারে ঘরের ভেতরেও ডাটা নেটওয়ার্ক আরও স্থিতিশীল হবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।

বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ সফল হলে দেশের মোবাইল ও ইন্টারনেট সেবায় নতুন মাত্রা যোগ হবে এবং গ্রাহক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।


Side banner
Link copied!