ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ৮০০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি আবার চালু হয়েছে। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের পর বাংলাদেশে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
আদানি পাওয়ারের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়। পরে সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে এর সমন্বয় সম্পন্ন হয়েছে।
এর আগে ১১ সেপ্টেম্বর গভীর রাতে দ্বিতীয় ইউনিটের বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেয়। ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আদানি কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটির আগে গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আসছিল। ইউনিটটি বন্ধ হওয়ার পর সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে যায়। এতে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয় এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা জানিয়েছিলেন, বয়লারের ত্রুটি মেরামতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তবে কারিগরি দল নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করায় ইউনিটটি দ্রুত উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।
ঝাড়খণ্ডের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। এর সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ আমদানির অন্যতম বড় উৎস।
সংশ্লিষ্টরা আশা করছেন, দ্বিতীয় ইউনিটটি পুরোপুরি স্বাভাবিক উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং সাম্প্রতিক লোডশেডিংয়ের চাপ কিছুটা কমতে পারে।
আপনার মতামত লিখুন :