• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

মাজারের খাদেম হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০২:০০ পিএম
মাজারের খাদেম হত্যা: দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই রায়ে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী এবং লিটন মিয়া ওরফে রফিক।

অন্যদিকে খালাস পেয়েছেন ইছাহাক আলী, সাখাওয়াত হোসেন ওরফে রাহুল, সরওয়ার হোসেন সাবু ওরফে মিজান, বিজয় ওরফে আলী ওরফে দরজি এবং চান্দু মিয়া।

এর আগে রংপুরের বিশেষ জজ আদালত এ মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে খালাস দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে কার্যক্রমের পর এবার সাতজনের মধ্যে পাঁচজনকে খালাস দিয়ে দুজনের সাজা বহাল রাখা হলো।

মামলার নথি অনুযায়ী, ১৩ আসামির মধ্যে চান্দু মিয়া ও রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ওরফে বাঁধন পলাতক রয়েছেন।

মামলার নথিতে বলা হয়েছে, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে বাড়ি ফেরার পথে মাজারের খাদেম রহমত আলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর।

ঘটনার পরদিন ১১ নভেম্বর নিহতের ছেলে শফিকুল ইসলাম কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার শেষে নিম্ন আদালত রায় দেন। পরে হাইকোর্টে আপিল ও সংশ্লিষ্ট কার্যক্রমের পর আজ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল এবং পাঁচজনকে খালাস দেওয়া হলো।


Side banner
Link copied!