• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০১:৫১ পিএম
সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতার চেষ্টা: প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উসকানিমূলক প্রচার ও অপশক্তির তৎপরতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, সরকার সব নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশ্বাস করে। নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

তারেক রহমান বলেন, কিছু পক্ষ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতার বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, সমাজে বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করে এমন কর্মকাণ্ড যাতে সুযোগ না পায়, সেজন্য সম্মিলিতভাবে সতর্ক থাকতে হবে।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানান। এ সময় তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, নাগরিক নিরাপত্তা এবং সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।


Side banner
Link copied!