• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:০০ পিএম
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসার কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষে স্বামী-স্ত্রীর পরিচয়ে এক নারী ও এক পুরুষ কিছুদিন আগে ভাড়া ওঠেন। এরপর থেকে ঘরের দরজা-জানালা বেশির ভাগ সময় বন্ধ থাকত। একপর্যায়ে কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি তাদের নজরে আসে।

 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের পাশাপাশি সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করেন।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জামগড়া এলাকার একটি কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা থাকলে তা শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Side banner
Link copied!