রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৪০টি মামলা হয়েছে। বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার অভিযানে মিরপুর বিভাগ থেকে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, ওয়ারীতে ৭৫ জন, লালবাগে ৫৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩৬ জন গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা পুলিশ (ডিবি) ১১ জনকে এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২টি ইয়াবা বড়ি, ৭ গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার।
এ ছাড়া অপরাধে সম্পৃক্ততার অভিযোগে একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। একই সময়ে অপহৃত বা আটক অবস্থায় থাকা একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির উপকমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :