• ঢাকা
  • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৭:৪৬ পিএম
সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

পুরোনো শত্রুতায় জমি বায়নার টাকা আত্মসাৎ করে দৈনিক 'সংবাদ সারাবেলা'র সহ-সম্পাদক ও ব্যবসায়ী সহিদুল ইসলামকে (৫০), মুঠোফোনে অকথ্য ভাষায় গালাগাল ও পরিবারসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত মো. সালাহ উদ্দিন হাওলাদারের (৩৪) বিরুদ্ধে।

জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং-৫৪১), এছাড়া জমি প্রতারণা ও হুমকির ঘটনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আরও একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬৭২)।

জিডি ও মামলার বিবরণী থেকে জানা যায়, মো. আপ্তার আলী ও আলেয়া বেগমের ছোট ছেলে মো. সালাহ উদ্দিন হাওলাদার গত ফেব্রুয়ারি ২০২৬-এ জমি বিক্রির কথা বলে ব্যবসায়ী সহিদুল ইসলামের কাছ থেকে কয়েক লক্ষ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমির রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য তাগাদা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সালাহ উদ্দিন ও তার পরিবার। এরই জের ধরে অভিযুক্ত সালাহ উদ্দিন ফোন করে সহিদুল ইসলাম, তার ছোট ভাই এবং বোনকে অকথ্য ভাষায় গালাগাল ও মেরে ফেলার হুমকি দেন।

ইতোমধ্যেই উভয়পক্ষের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অডিওতে স্পষ্টভাবে অভিযুক্ত ব্যক্তিকে দেখে নেওয়া, বায়নাকৃত জমি না দিয়ে উল্টো জীবননাশের হুমকি দিতে শোনা যায়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সহিদুল ইসলাম জানান, টাকা আত্মসাৎ করতেই অভিযুক্ত সালাহ উদ্দিন তার ও তার পরিবারের ওপর এই হুমকি প্রদর্শন করছে। বিজ্ঞ মুখ্য মহানগর আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এলাকার স্থানীয়রা জানান, সাংবাদিক সহিদুল ইসলাম একজন সুপরিচিত ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় গণ্য। এলাকার চিহ্নিত ত্রাস সালাহ উদ্দিন হাওলাদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও সর্বস্তরের সাংবাদিক সমাজ।


Side banner
Link copied!