• ঢাকা
  • শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:৫৩ এএম
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারী বাংলাদেশিদের কয়েকটি বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসা ব্যবহার করে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছে দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

 

মার্কিন দূতাবাস জানিয়েছে, সন্তানের জন্মের মাধ্যমে সে যেন স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়—এমন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়। অর্থাৎ ‘বার্থ ট্যুরিজম’ এই ভিসার আওতায় গ্রহণযোগ্য নয়।

 

ভিজিটর ভিসায় গিয়ে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজে অংশ নেওয়া যাবে না।

একইভাবে ডিগ্রি, একাডেমিক ক্রেডিট বা প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা অর্জনের উদ্দেশ্যে নিয়মিত পড়াশোনাও এই ভিসার আওতায় অনুমোদিত নয়। পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও নিষিদ্ধ।

 

মার্কিন ভিজিটর ভিসা সাধারণত ভ্রমণ, ব্যবসায়িক বৈঠক বা নির্দিষ্ট স্বল্পমেয়াদি উদ্দেশ্যে ব্যবহারের জন্য দেওয়া হয়। তাই ভিসার ধরন ও শর্ত না মেনে অন্য কাজে যুক্ত হলে ভ্রমণকারীরা জটিলতায় পড়তে পারেন।

এর আগে ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। সে সময় জানানো হয়েছিল, পড়াশোনার অনুমোদিত সীমার বাইরে কাজ করা, শিক্ষা কার্যক্রম ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষাজীবন থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।


Side banner
Link copied!