ছয় দফা দাবি নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় রাজনৈতিক ঐক্য। গণভোটের রায় কার্যকর, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি সংকট দ্রুত সমাধানের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের পর চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করে নেতাকর্মীদের গাড়িবহর।
লংমার্চের বহর নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও মিরসরাইসহ বিভিন্ন এলাকায় থামবে। এসব স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা করার কর্মসূচি রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, যাত্রাপথে কোনো এলাকায় বড় ধরনের জনসমাগম হলে সেখানেও বহর থামিয়ে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে পারেন। বহরে এক হাজারের বেশি গাড়ি রয়েছে বলেও জানানো হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আরও গাড়ি কর্মসূচিতে যুক্ত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের ভাষ্য, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার নানা সংকটও কর্মসূচিতে তুলে ধরা হবে। তবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে অংশ নিয়েছেন।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মাধ্যমে শনিবার রাতে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। সেখানে জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
আপনার মতামত লিখুন :