নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরাও রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির দিন সকালে ডনকে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। এ সময় আদালত এলাকায় সালমান শাহর ভক্তদের উপস্থিতি দেখা যায়। তারা ব্যানার নিয়ে মানববন্ধন করেন এবং মামলার রহস্য উদঘাটনে ডনের জিজ্ঞাসাবাদ জরুরি বলে দাবি জানান।
ভক্তদের অভিযোগ, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার অন্য আসামিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিও জানান তারা।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীতে দুই দফা জামিনের আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি। এর পর মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে ঘটনাটি নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় ধরে চলা তদন্তে বিভিন্ন ব্যক্তির নাম সামনে এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিদের তালিকায় রয়েছেন সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
আপনার মতামত লিখুন :