• ঢাকা
  • রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

আনসার একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ উদ্বোধন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৩১ পিএম
আনসার একাডেমিতে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ এই পতাকা স্তম্ভ উদ্বোধন করেন। 

মহান একুশের তাৎপর্যময় প্রভাতে আয়োজিত অনুষ্ঠানে ১২০ ফুট উচ্চতার পতাকা-স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এতে উত্তোলিত পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট ও প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, আজ মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার মহান আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আত্মত্যাগে অনুপ্রাণিত হওয়ার পাথেয়।

তিনি আরও বলেন, চির উন্নত বিজয় নিশান আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।

মেজর জেনারেল আবদুল মোতালেব বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই পতাকা উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের শিক্ষা দেয়। আনসার-ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান রইল এই চেতনাকে ধারণ করে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 
 


Side banner
Link copied!