বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দেশের অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময় ও মান বজায় রেখে বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে।
বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত ওই সভায় মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প রয়েছে।
ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নীতিমালা হালনাগাদ এবং প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমন্বিত নির্দেশিকা প্রণয়নের কাজ চলছে। এসব উদ্যোগ সম্পন্ন হলে ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা আরও বাড়বে।
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন সরকারি সংস্থার ব্যবহৃত রেট শিডিউল বা ব্যয় নির্ধারণের তালিকা পর্যালোচনার জন্য একটি কমিটি কাজ করছে। কমিটির সুপারিশের ভিত্তিতে সাধারণ ও বিশেষায়িত কাজের জন্য নতুন রেট শিডিউল প্রণয়ন করা হবে, যাতে প্রকল্প ব্যয় নির্ধারণ আরও বাস্তবসম্মত হয়।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, সময়মতো কাজ শেষ না হলে ব্যয় বৃদ্ধি ও সম্পদের অপচয় ঘটে। তাই সমন্বয়, জবাবদিহি এবং দায়িত্বশীলতা বাড়িয়ে উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
আপনার মতামত লিখুন :