ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে ধর্ষণের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষক আবুল বাশারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে কোটচাঁদপুর থানায় মামলাটি করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আবুল বাশার উপজেলার হরিন্দিয়া গ্রামের বাসিন্দা এবং পৌরসভার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক। অভিযোগকারী তিন শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানের আবাসিক ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েক দিনের মধ্যে মাদরাসার তিন ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদরাসায় গেলে ওই ছাত্র তার কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে সন্ধ্যার দিকে মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে হেফাজতে নেয়। পরে ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তিন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আবুল বাশারের কক্ষ থেকে যৌন উত্তেজক হিসেবে ব্যবহৃত কিছু হারবাল ওষুধ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :