বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত পদোন্নতির সিদ্ধান্ত কার্যকর করেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিশ্চিত করে জানায়, পদোন্নতির আগে নাহিদ রহমান প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নাহিদ রহমান ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর (এম.কম) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি লাভ করেন। এছাড়া জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেইড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির দ্য ফ্লেচার স্কুলের যৌথ উদ্যোগে পরিচালিত সিডিএফপি বিষয়ে উচ্চতর পেশাগত সনদও অর্জন করেছেন। ব্যাংকিং ও আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে তার একাধিক গবেষণা নিবন্ধ ও প্রবন্ধ পেশাগত সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ব্যক্তিগত জীবনে নাহিদ রহমান খুলনার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আতিকুর রহমান অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান গৃহিণী। তার স্বামী মো. আলমগীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) একজন অধ্যাপক।
আপনার মতামত লিখুন :