• ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

হলিউডে শোকের ছায়া, না ফেরার দেশে অভিনেতা জশ গ্রিসেত্তি


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১২:৪৩ পিএম
হলিউডে শোকের ছায়া, না ফেরার দেশে অভিনেতা জশ গ্রিসেত্তি

মার্কিন ব্রডওয়ে ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা জশ গ্রিসেত্তি আর নেই। মাত্র ৪৪ বছর বয়সে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনয়জগতে। সোমবার (১৩ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ জুলাই তিনি আত্মহত্যা করেন। পরে তার সহ-অভিনেতা রব ম্যাকব্লুর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এই মৃত্যুর খবর প্রকাশ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় রব ম্যাকব্লুর বলেন, জশের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তিনি জশের স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের একসঙ্গে কাটানো স্মৃতিময় কিছু ছবিও শেয়ার করেন। তার ভাষায়, জশের অনুপস্থিতি অভিনয়জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের শেষ পোস্টে জশ গ্রিসেত্তি ব্যক্তিগত কারণ দেখিয়ে একটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন।

তার মৃত্যুর পর বিভিন্ন নাট্যসংস্থা ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, জশ ছিলেন আন্তরিক, বিনয়ী ও নিবেদিতপ্রাণ একজন শিল্পী, যিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে সমানভাবে প্রিয় ছিলেন।

ব্রডওয়েতে ‘নাইজেল বটম’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন জশ গ্রিসেত্তি। এছাড়া It Shoulda Been You, Broadway Bound, Rent, Peter and the Starcatcher এবং Enter Laughing-এর মতো জনপ্রিয় মঞ্চনাটকে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়।

মঞ্চের পাশাপাশি টেলিভিশনেও তিনি সফল ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। The Marvelous Mrs. Maisel, The Knights of Prosperity, Nurse Jackie এবং The Good Fight-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। এছাড়া চলচ্চিত্র ও সংগীতনির্ভর বিভিন্ন নাটকের পরিচালনাতেও যুক্ত ছিলেন।

১৯৮১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় জন্ম নেওয়া জশ গ্রিসেত্তি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মঞ্চ ও পর্দা—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং ব্রডওয়ে-হলিউড অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।


Side banner
Link copied!