ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অনুমতি ছাড়া ছবি তোলা এবং ব্যক্তিগত জীবনে অতিরিক্ত হস্তক্ষেপে বিব্রত হওয়ার কথা জানিয়ে পাপারাজ্জিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রীতি বলেন, ভক্তদের সঙ্গে ছবি তুলতে তার আপত্তি নেই। তবে না জানিয়ে সন্তানদের ছবি তোলা, জিমের বাইরে অপেক্ষা করা কিংবা ব্যক্তিগত পরিসরে গোপনে ছবি ধারণ করা তাকে অস্বস্তিতে ফেলে।
তিনি বলেন, ব্যক্তিগত জীবনের কিছু সীমারেখা রয়েছে, যা সম্মান করা উচিত। অনুমতি ছাড়া ছবি তোলা বন্ধে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রীতি আরও জানান, দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। কিন্তু তারকা হলেই ব্যক্তিগত গোপনীয়তা হারিয়ে ফেলতে হবে— এমনটা হওয়া উচিত নয় বলেও মত দেন তিনি।
বলিউডে দীর্ঘদিন অনিয়মিত থাকলেও আবারও বড়পর্দায় ফেরার গুঞ্জন রয়েছে প্রীতিকে ঘিরে। শোনা যাচ্ছে, নতুন একটি সিনেমার মাধ্যমে শিগগিরই দর্শকদের সামনে দেখা যেতে পারে তাকে।
আপনার মতামত লিখুন :