• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১১:১০ পিএম
শ্লীলতাহানি ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করলেন অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী

বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাবের কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি এবং হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী (ইসরাত জাহান)। এ ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা তুলে ধরে বিচার দাবি করেছেন তিনি।

স্নিগ্ধার অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার বিজ্ঞাপনের চুক্তি চূড়ান্ত করার কথা বলে তাঁকে খিলক্ষেতে অবস্থিত আশিয়ান মেডিকেল কলেজের একটি কার্যালয়ে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর তাঁকে অন্য একজন নারী ভেবে মারধর করা হয় এবং পরে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয় বলে তিনি দাবি করেন।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া তাঁর দিকে অস্ত্র তাক করেন, হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালান এবং বিভিন্নভাবে আঘাত করেন। পাশাপাশি তাঁকে জোর করে নেশাজাতীয় পদার্থ পান করানোরও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি অন্য কক্ষে গেলে সুযোগ বুঝে তিনি সেখান থেকে বেরিয়ে এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বনানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্নিগ্ধা চৌধুরী ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ন্যায়বিচার না পেলে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

তবে এই প্রতিবেদনের সময় পর্যন্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলাম ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Side banner
Link copied!