জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীন-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়ে পৃথক দুটি রিট দায়ের করা হয়। রিট দুটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও গাজী মো. মাহবুব আলম।
এছাড়া গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরেকটি রিট করেন ইউনুছ আলী আকন্দ। জনস্বার্থে করা ওই রিটে জুলাই সনদের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়।
আদালতের রুলের মাধ্যমে এখন সরকার ও সংশ্লিষ্ট পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে—কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ অবৈধ ঘোষণা করা হবে না। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে আদালত পরবর্তী নির্দেশনা দেবেন।
আপনার মতামত লিখুন :