বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ডিস (কেবল টিভি) ব্যবসা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আহত ফাহাদ চরাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।
সোমবার (২ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে চরাদী ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক কর্মীসহ একাধিক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে বরিশাল শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে ব্যবসায়িক বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইনগত প্রক্রিয়াও সেই অনুযায়ী এগোবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :