চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর বাজারে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইসলাম। বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় বিভিন্ন অনিয়মের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে মফিজকে ২ হাজার, মো. শাহিনকে ৪ হাজার, নাছিরকে ২ হাজার এবং সিহাবকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মতলব দক্ষিণ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :