• ঢাকা
  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১২:৪৩ এএম
সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে আবারও রদবদল আনা হয়েছে। কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) এবং প্রশিক্ষণ ও শিক্ষা সংশ্লিষ্ট শীর্ষ পদগুলোতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

 

 

 

যেসব পদে পরিবর্তন

বর্তমান কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক নতুন কিউএমজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল পদেও পরিবর্তন এসেছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে নতুন এজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এজি মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট করা হয়েছে।

এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লগ এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান লগ এরিয়া জিওসি মেজর জেনারেল মো. মোস্তাগাউসুর রহমান খান নিয়ম অনুযায়ী অবসরে যাচ্ছেন।

উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), পিএসও ও ডিজিএফআই প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছিল। ধারাবাহিক এই রদবদলের মাধ্যমে সেনাবাহিনীর কমান্ড কাঠামোয় উল্লেখযোগ্য পুনর্বিন্যাস সম্পন্ন হলো।


Side banner
Link copied!