• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:৪০ পিএম
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত

নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য বড় স্বস্তির ঘোষণা এসেছে। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আসল ও সুদসহ সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সচিবালয়ে তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষি সংশ্লিষ্ট চারটি খাতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হচ্ছে। এ উদ্যোগের উদ্দেশ্য হলো দরিদ্র কৃষকদের আর্থিক চাপ কমানো এবং কৃষি খাতকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো।

বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, সরকারি বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে কৃষকদের সুদসহ প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা পাওনা রয়েছে, যা এই সিদ্ধান্তের আওতায় পড়বে।

সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ১২ লাখ কৃষক সরাসরি এ সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ সচিব একে সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রিসভা বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান এবং সেখানে একুশে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন।


Side banner
Link copied!