• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

১১২ নির্বাচন কর্মকর্তার বদলি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৩৭ পিএম
১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশজুড়ে উপজেলা ও থানা পর্যায়ে কর্মরত মোট ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা ও থানায় দায়িত্ব পালনরত এসব কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওইদিন অপরাহ্ণে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে এটিই সবচেয়ে বড় একক বদলির উদ্যোগ। সামনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের বিস্তৃত আয়োজন রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও সক্রিয় ও সুশৃঙ্খল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের প্রস্তুতি জোরদার করাই এই বদলির মূল উদ্দেশ্য।


Side banner
Link copied!