শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার এগিয়ে নাওডোবা গোলচত্বরে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এ এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। তারা দুজনেই স্টার এক্সপ্রেস বাসের কর্মচারী ছিলেন। আকাশ বাসটির হেলপার এবং ইউনুস সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।
শিবচর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, স্টার এক্সপ্রেস ও খান পরিবহন নামের দুটি বাস ঢাকা থেকে মাদারীপুরের ভাঙার দিকে যাচ্ছিল। নাওডোবা গোলচত্বর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে স্টার এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস সড়কে দাঁড়িয়ে থাকা খান পরিবহনের পেছনে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই হেলপার আকাশ সরদার নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে শিবচর সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেস সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :