• ঢাকা
  • বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:০৫ পিএম
জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে  ধর্ষণের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. ফারুক হোসেন (২৮), মো. মনসুর আলী (২৫) ও মো. ফেরদৌস হোসেন (২০)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায়। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী নারী ও তার স্বামী ব্যবসায়িক কাজে রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পাকুল্লা ভাঙ্গুনীঘাট এলাকায় পৌঁছালে আসামিরা তাদের পথরোধ করে।

এ সময় তারা ভুক্তভোগীর স্বামীকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার শুনানিতে ভুক্তভোগী নারীসহ চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি মো. ফজলুল হক জানান, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত তিন আসামিই পলাতক রয়েছেন।


Side banner
Link copied!