ময়মনসিংহের ভালুকায় বাস, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা একটি অটোরিকশা ও একটি ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাত নারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ভরাডোবা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :