পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অভিযানে অন্তত দুইজন নিহত হয়েছেন। মার্কিন বাহিনীর দাবি, মাদক-সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে।
শনিবার প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি সন্দেহভাজন নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালায়। নিহতদের মাদক পাচারচক্রের সদস্য হিসেবে দাবি করা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া নৌযানটি একটি নির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল এবং এটি পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলেও জানানো হয়েছে।
সাউদার্ন কমান্ডের প্রকাশিত সংক্ষিপ্ত ভিডিওতে পানিতে থাকা একটি নৌযানে হামলার দৃশ্য দেখা গেছে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি বলেও দাবি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পূর্ব প্রশান্ত মহাসাগরে এ ধরনের একাধিক প্রাণঘাতী অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সময় থেকে সন্দেহভাজন মাদক পরিবহনকারী নৌযানের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে, গত সেপ্টেম্বর থেকে এমন অভিযানে ১৭০ জনের বেশি প্রাণ হারিয়েছে।
তবে এসব হামলা নিয়ে সমালোচনা রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এসব অভিযানকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে এসব অভিযান নতুন বিতর্ক তৈরি করছে।
আপনার মতামত লিখুন :