• ঢাকা
  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

টেকনাফে মাটির নিচে মিলল বিদেশি রাইফেল ও বিপুল গোলাবারুদ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৫২ পিএম
টেকনাফে মাটির নিচে মিলল বিদেশি রাইফেল ও বিপুল গোলাবারুদ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে মাটির নিচ থেকে বিদেশি রাইফেল, বিপুল গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি জি-থ্রি রাইফেল ও একটি এমএ-ওয়ান রাইফেল। এছাড়া একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ তাজা গুলি, খালি কার্তুজ এবং ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত দল অভিযান চালিয়ে একটি বাড়ি ঘিরে ফেলে। পরে তল্লাশির সময় বাড়ির আঙিনা খুঁড়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও মাদকের চালান উদ্ধার করা হয়।

সোমবার সকাল পর্যন্ত ধাপে ধাপে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের মতে, সীমান্তবর্তী এলাকায় এমন উদ্ধার অভিযান নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


Side banner
Link copied!