• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০২:২৪ পিএম
কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচলে বিঘ্ন দেখা দেয়।

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান চালিয়ে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। এ সময় ক্ষুব্ধ কিছু চালক ও তাদের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়।

একপর্যায়ে হামলাকারীরা হাইওয়ে পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন জানান, প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Side banner
Link copied!